
ভেনেজুয়েলার নতুন অন্তর্বর্তীকালীন সরকার গতকাল মঙ্গলবার থেকে কারাবন্দী আমেরিকানদের মুক্তি দেওয়া শুরু করেছে। এক মার্কিন কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করার পর, ভেনিজুয়েলার অন্তর্বর্তী সরকার আমেরিকান কারাবন্দীদের মুক্তি দিচ্ছে। এটিকে একটি ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে অভিহিত করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই কর্মকর্তা বলেন, ‘আমরা ভেনেজুয়েলায় আটক আমেরিকানদের মুক্তিকে স্বাগত জানাই। এটি অন্তর্বর্তী কর্তৃপক্ষের সঠিক পথে চলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
তবে ওই কর্মকর্তা তাৎক্ষণিকভাবে বন্দীদের মুক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানাননি বা কত জনকে মুক্তি দেওয়া হচ্ছে তাও বলেননি। জানিয়েছেন একাধিক বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে।
ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আমলের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এখন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি মার্কিন হামলার প্রেক্ষিতে বন্দিদের মুক্তির নির্দেশ দেন।
ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করায়, তিনি ফের সেখানে হামলা চালানোর নির্দেশ বাতিল করেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বিদেশে থাকা তার নাগরিকদের মুক্তিকে একটি প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে আসছে এবং গত বছর মাদুরোর সঙ্গে একটি চুক্তিতে কিছু ব্যক্তির মুক্তি নিশ্চিত করেছে।