
ঢাকা ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা হলে প্রবেশ ও আসন বিন্যাস সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন নিয়ম ও নির্দেশনার কথা জানানো হয়।
পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবারের প্রিলিমিনারি পরীক্ষায় হাজিরা তালিকায় পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর জোড় ও বিজোড় ভিত্তিতে বিন্যস্ত করা হবে। একইসঙ্গে প্রতিটি রেজিস্ট্রেশন নম্বর কক্ষভিত্তিক দৈবচয়ন (Randomization) পদ্ধতিতে সাজিয়ে হাজিরা তালিকা প্রস্তুত করা হয়েছে। এর ফলে একই সিরিয়ালের বা কাছাকাছি রেজিস্ট্রেশন নম্বরের পরীক্ষার্থীদের আসন একই কক্ষে বা পাশাপাশি না-ও থাকতে পারে।
সময় নিয়ে কেন্দ্রে প্রবেশের পরামর্শ
নতুন এই দৈবচয়ন পদ্ধতির কারণে পরীক্ষার্থীদের নিজ নিজ কক্ষ এবং আসন খুঁজে পেতে কিছুটা বাড়তি সময়ের প্রয়োজন হতে পারে। তাই পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষা হলে প্রবেশ করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে আসন গ্রহণ নিশ্চিত করতেই এই আগাম প্রবেশের পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা রক্ষা এবং স্বচ্ছতা নিশ্চিত করতেই আসন বিন্যাসে এই পরিবর্তন আনা হয়েছে। পরীক্ষার্থীদের নিজ নিজ প্রবেশপত্র এবং কমিশনের দেওয়া অন্যান্য সাধারণ নির্দেশনাগুলো মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।