
বুধবার রাজধানীর নয়াপল্টন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মির্জা আব্বাস
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ‘আমি নির্বাচনে দাঁড়িয়ে কোনো অপরাধ করিনি। দুর্বল প্রার্থীরা সবল প্রার্থীর বিরুদ্ধে কথা বলবেই। এসব আমি আমলে নিচ্ছি না। তবে কেউ যদি ঢাকা-৮ আসনে মব (উচ্ছৃঙ্খল জনতা) তৈরি করার চেষ্টা করে, তবে তার দায় তাকেই নিতে হবে।’
আজ বুধবার রাজধানীর নয়াপল্টন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, ‘আমরা আনুষ্ঠানিক কোনো প্রচারণা চালাচ্ছি না। সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি।’
মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই আসনের আরেক প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতি ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, ‘অনেকেই নির্বাচন কমিশনের বিধিমালা অমান্য করে উস্কানিমূলক কথাবার্তা বলছেন। তবে আমি ভোটারদের আহ্বান জানাবো কোনো ধরনের উস্কানিতে কান না দেয়ার জন্য।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘পরিস্থিতি যেন আরও খারাপ হয়, সে জন্য কিছু প্রার্থী উস্কানিমূলক কথা বলছেন। তারা চাইছেন কোনো একটা ঘটনা ঘটুক।’