
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ২২ জানুয়ারি থেকে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। এই প্রশিক্ষণ চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। বুধবার (১৪ জানুয়ারি) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে দেশজুড়ে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হবে। এ কার্যক্রমে ৮ লাখের বেশি কর্মকর্তা অংশ নেবেন।
মুহাম্মদ হাসানুজ্জামান আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে প্রিসাইডিং অফিসারদের ক্ষমতায়ন, কর্মপরিধি ও নিরাপত্তা সংক্রান্ত সাত দফা সুপারিশ করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে দায়িত্ব পালনে তাঁদের সক্ষমতা বাড়ানো এবং অ্যাপসের মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখতে আরও কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে মাঠপর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের মতামত চাওয়া হয়েছে।
ইসি কর্মকর্তারা আশা করছেন, এই প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা বাড়বে এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব হবে।