
ইরানে ক্রমবর্ধমান অস্থিরতা ও সহিংস পরিস্থিতির কারণে সেখানে অবস্থানরত সব ভারতীয় নাগরিককে দ্রুত দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে ভারত সরকার। বুধবার (১৪ জানুয়ারি) তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক জরুরি পরামর্শ জারি করে এ নির্দেশনা দেয়।
দূতাবাসের বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটকসহ সব ভারতীয় নাগরিককে বাণিজ্যিক ফ্লাইটসহ সম্ভাব্য সব পরিবহন ব্যবস্থায় যত দ্রুত সম্ভব ইরান ত্যাগ করতে হবে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানে ভ্রমণ না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
এতে আরও বলা হয়, নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, বিক্ষোভ ও সহিংস এলাকা এড়িয়ে চলতে হবে এবং দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখতে হবে। স্থানীয় গণমাধ্যম পর্যবেক্ষণেরও আহ্বান জানানো হয়েছে।
নয়াদিল্লি থেকে দেওয়া পৃথক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ৫ জানুয়ারির আগের সতর্কবার্তার ধারাবাহিকতায় আবারও ইরান ভ্রমণ নিরুৎসাহিত করা হচ্ছে। জরুরি সহায়তার জন্য হেল্পলাইন নম্বর ও ই-মেইল ঠিকানাও প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর থেকে ইরানের বিভিন্ন শহরে অর্থনৈতিক সংকট ও ধর্মীয় শাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়, যা অনেক জায়গায় সহিংসতায় রূপ নেয়। পরিস্থিতি নজরে রেখে প্রয়োজন অনুযায়ী আরও নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছে ভারত সরকার।