
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে কমনওয়েলথের একটি পর্যবেক্ষক দল বাংলাদেশে আসছে বলে অন্তর্বর্তী সরকারকে নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্রমতে, কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সদস্যসংখ্যা প্রায় ৩০ জন হতে পারে। তারা নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন-পরবর্তী সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করবেন।
নির্বাচন কমিশন ও সরকারি সূত্র জানায়, কমনওয়েলথের এই দলটি নির্বাচনী পরিবেশ, প্রচার-প্রচারণা, ভোটগ্রহণ প্রক্রিয়া এবং সার্বিক নিরপেক্ষতা পর্যবেক্ষণ করবে। পর্যবেক্ষক দলের আগমন ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে এবং তারা শিগগিরই ঢাকায় পৌঁছাবে।
এর আগে ২০২৫ সালের নভেম্বরে কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে ঢাকা সফরকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেন। সে সময় তিনি নির্বাচনকে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য করার ওপর গুরুত্বারোপ করেন।
নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানান, কমনওয়েলথের মতো আন্তর্জাতিক সংস্থার পর্যবেক্ষকদের উপস্থিতি নির্বাচনকে আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে সহায়ক হবে। নির্বাচন কমিশন তাদের প্রয়োজনীয় সব সহযোগিতা দেবে।
এদিকে, এই নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রায় ২০০ জন পর্যবেক্ষক পাঠাচ্ছে। এর মধ্যে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি নির্বাচনের বিশ্বাসযোগ্যতা বাড়াবে বলেও মনে করা হচ্ছে।