
ফাইল ছবি
নির্বাচন কমিশনের (ইসি) সীমানা পুনর্নির্ধারণসংক্রান্ত গেজেট অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা নেই বলে নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে সাঁথিয়া উপজেলা পাবনা-১ আসনের অন্তর্ভুক্ত থাকবে এবং সুজানগর ও বেড়া উপজেলা মিলিয়ে পাবনা-২ আসন হিসেবে গণ্য হবে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে তা পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করার বিষয়ে নির্বাচন কমিশনের জারি করা গেজেটকে অবৈধ ঘোষণার রায়ের ওপর স্থগিতাদেশ দেন।
শুনানিকালে নির্বাচন কমিশনের পক্ষে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক আদালতে যুক্তি উপস্থাপন করেন। জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে ছিলেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিকী এবং বিএনপির প্রার্থীর পক্ষে ছিলেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।
এর আগে, পাবনা-১ ও পাবনা-২ আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গত ২৪ ডিসেম্বর জারি করা গেজেটের কার্যকারিতা গত ৫ জানুয়ারি আপিল বিভাগ স্থগিত করেছিলেন। হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই স্থগিতাদেশ বহাল রাখা হয়।
পরবর্তীতে, ১৩ জানুয়ারি পাবনা-১ ও ২ আসনে জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত করার নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়। আবেদনে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন ও সব নির্বাচনী কার্যক্রম পরিচালনার নির্দেশনা চাওয়া হয়। পাবনা-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এই আবেদন করেন।
এদিকে, বেড়া উপজেলার অংশবিশেষ স্থানান্তরসংক্রান্ত গেজেট অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিলের শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ।