
ছবি: সংগৃহীত
অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটাররা খেলা বর্জন করার কারণে বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিসিবির পরিচালক ইফতেখার আহমেদ মিঠু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
ক্রিকেটারদের সঙ্গে সংশ্লিষ্ট একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে খেলোয়াড়রা খেলা বয়কটের ঘোষণা দেন। এর ফলে বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচ নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার লড়াই অনুষ্ঠিত হয়নি।
পরে নাজমুল ইসলাম পদত্যাগ না করায় খেলোয়াড়রা তাদের অবস্থানে অনড় থাকেন। এতে দিনের দ্বিতীয় ম্যাচ—সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়রসের মধ্যকার খেলাটিও মাঠে গড়ায়নি।

এর আগে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে বোর্ডের অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। বিসিবির সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী বোর্ড সভাপতির ক্ষমতাবলে তাকে তাৎক্ষণিকভাবে ওই পদ থেকে সরানো হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।