
ফাইল ছবি
ফেব্রুয়ারি মাসে সরকারি চাকরিজীবীদের জন্য অপেক্ষা করছে স্বস্তির খবর। ক্যালেন্ডার অনুযায়ী, মাসের প্রথমার্ধে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুই দফায় টানা তিন দিন করে মোট ছয় দিনের ছুটি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
প্রথম দফার ছুটি আসছে পবিত্র শবে বরাতকে কেন্দ্র করে। সম্ভাব্য হিসেবে আগামী ৪ ফেব্রুয়ারি বুধবার শবে বরাত পালিত হতে পারে। চাঁদ দেখা সাপেক্ষে ওই দিন শবে বরাত অনুষ্ঠিত হলে পরদিন ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হবে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার (৬ ও ৭ ফেব্রুয়ারি) যুক্ত হয়ে তৈরি হবে টানা তিন দিনের অবকাশ।
এর এক সপ্তাহ পর দ্বিতীয় দফায় টানা ছুটি মিলছে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন দিবসে সাধারণ ছুটি থাকায়, এর পরের দুই দিন শুক্রবার ও শনিবার (১৩ ও ১৪ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আবারও টানা তিন দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
সব মিলিয়ে ফেব্রুয়ারি মাসে সরকারি চাকরিজীবীরা দুই দফায় টানা ছয় দিনের ছুটির সুযোগ পাচ্ছেন, যা কাজের চাপের মধ্যেই এনে দেবে বাড়তি স্বস্তি।