
ফাইল ছবি
স্পেনের বিমানবন্দর পরিচালনাকারী সংস্থা এইএনএ জানিয়েছে, একটি অজ্ঞাত নিরাপত্তা হুমকির কারণে ইস্তাম্বুল থেকে স্পেনের বার্সেলোনা অভিমুখে আসা টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জরুরি অবতরণ করেছে। ফ্লাইটটি নিরাপদে বার্সেলোনা–এল প্রাত আন্তর্জাতিক বিমানবন্দরে নামানো হয়।
এইএনএ জানায়, ঘটনার পরপরই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হলেও বিমানবন্দরটির স্বাভাবিক কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
এদিকে স্পেনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গার্দিয়া সিভিল জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করছে। তবে হুমকির ধরন বা ফ্লাইটে থাকা যাত্রীদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এ ঘটনায় টার্কিশ এয়ারলাইনস কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।