
নির্বাচনী সমঝোতা নিয়ে দলীয় অবস্থান কী হবে, তা আগামীকাল শুক্রবার সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে বৈঠক শেষে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপিসহ ১১ দলের নির্বাচনী ঐক্যের একক প্রার্থী ঘোষণার লক্ষ্যে বৃহস্পতিবার রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আমন্ত্রণ জানানো হলেও ইসলামী আন্দোলনের কোনো নেতা এতে অংশ নেননি।
সংবাদ সম্মেলনের আগে জামায়াত কার্যালয়ে বৈঠকে জামায়াতের ১৭৬ জন, এনসিপির ২৭ জন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের ১৬ জনসহ মোট ২৪১ জন প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়।
আসন বণ্টন নিয়ে জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে গত তিন সপ্তাহ ধরে মতবিরোধ চলছে। জামায়াত সর্বোচ্চ ৪৫টি আসন ছাড়তে রাজি হলেও চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন অন্তত ৬৫টি আসন দাবি করছে।
এই বিরোধের কারণে বুধবার জামায়াত ঘোষিত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়। একই দিনে ইসলামী আন্দোলন ইঙ্গিত দেয়, ১১ দলের জোটের কয়েকটি শরিক দলকে নিয়ে তারা আলাদা জোট গঠন করতে পারে।