
ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোটের নির্বাচনি আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৯টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ২৫৩টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য বাকী ৪৭টি আসন খালি রেখে এখনও আশায় রয়েছে জামায়াতে ইসলামী।
ঘোষিত তালিকা অনুযায়ী জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে প্রার্থী দিচ্ছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, এবি পার্টি ৩টি, নেজামে ইসলামি পার্টি ২টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২টি আসনে প্রার্থী দেবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আসন সমঝোতা নিয়ে সম্প্রতি কয়েক দফায় বৈঠক করে জোটে থাকা দলগুলো। বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া বাকি ১০টি দলের নেতৃবৃন্দদের উপস্থিতিতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
তবে সেই বৈঠকের মধ্যেও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে জামায়াতের নেতৃত্বাধীন জোট। পরবর্তীতে সেই বৈঠক শেষে রাতেই জোটের আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেয়ার কথা জানানো হয়।