
ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো ২০২৫ সালে পাওয়া তার নোবেল শান্তি পুরস্কারের মেডেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘উপহার’ দিয়েছেন বলে জানিয়েছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান। তবে ট্রাম্প মেডেলটি গ্রহণ করেছেন কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
হোয়াইট হাউস থেকে বেরিয়ে মাচাদো বলেন, এটি তাদের জন্য ‘ঐতিহাসিক দিন’। তিনি জানান, ভেনেজুয়েলার স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে ট্রাম্পের বিশেষ অঙ্গীকারের স্বীকৃতি হিসেবেই এই উপহার দেওয়া হয়েছে। বিবিসির খবরে বলা হয়, নোবেল কমিটির নিয়ম অনুযায়ী নোবেল পুরস্কার বা মেডেল হস্তান্তরযোগ্য নয় এবং তা প্রত্যাহারও করা যায় না।
মাচাদো আরও বলেন, অতীতে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া এক মার্কিন জেনারেল সিমন বলিভারকে মেডেল দিয়েছিলেন দুই দেশের বন্ধুত্বের নিদর্শন হিসেবে। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করেই তিনি ট্রাম্পকে মেডেল উপহার দিয়েছেন।
এর আগে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, মাচাদো ভেনেজুয়েলার জনগণের জন্য একজন সাহসী কণ্ঠস্বর, এবং প্রেসিডেন্ট ট্রাম্প তার কাছ থেকে দেশের বাস্তব পরিস্থিতি জানতে আগ্রহী।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর ভেনেজুয়েলায় রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়। যুক্তরাষ্ট্র বর্তমানে ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মেনে নিয়ে কাজ করছে। এদিকে, ভেনেজুয়েলার তেল খাত পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের উদ্যোগে ইতোমধ্যে প্রায় ৫০ কোটি ডলার আয় হয়েছে এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়াও চলছে।