পবিত্র লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ আজ শুক্রবার (১৬ জানুয়ারি)। ইসলাম ধর্মের অন্যতম তাৎপর্যপূর্ণ এই রাতটি সারাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পালন করবেন।
শবে মেরাজ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনের এক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ অধ্যায়। এই রাতেই মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়। আল্লাহ তায়ালার নির্দেশ নিয়ে প্রিয় নবী (সা.) মানবজাতির কাছে প্রতিদিন পাঁচবার সালাত আদায়ের বিধান পৌঁছে দেন।
ইসলামের ইতিহাস অনুযায়ী, নবুওয়াতের দশম বছরে বা ৬২১ খ্রিষ্টাব্দে এক রাতে হযরত মুহাম্মদ (সা.) পবিত্র কাবা শরিফ থেকে জেরুজালেমের বায়তুল মুকাদ্দাস বা মসজিদুল আকসায় গমন করেন। সেখানে তিনি নবীদের জামাতে ইমামতি করেন। কুরআনে বর্ণিত এই ঘটনাকে ‘ইসরা’ বলা হয়।
এরপর তিনি ‘বুরাক’ নামক বিশেষ বাহনে আরোহন করে ঊর্ধ্বাকাশে গমন করেন, যা ‘মেরাজ’ নামে পরিচিত। এই সফরে তাঁর সঙ্গে ছিলেন ফেরেশতা হযরত জিবরাইল (আ.)। এ সময় তিনি সিদরাতুল মুনতাহা, বেহেশতের নদীসমূহ, ফেরেশতাদের ইবাদতখানা বায়তুল মা’মুরসহ বিভিন্ন নিদর্শন পরিদর্শন করেন এবং মহান আল্লাহ তায়ালার সান্নিধ্য লাভ করেন।
এই পবিত্র রাত উপলক্ষে দেশের মসজিদে-মসজিদে, বাসাবাড়িতে ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কোরআন তিলাওয়াত, জিকির-আযগার, নফল নামাজ এবং দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়েছে। মুসলমানরা মহান আল্লাহর রহমত ও ক্ষমা কামনায় ইবাদতে মগ্ন থাকবেন।