
সংগৃহীত ছবি
রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি সাততলা ভবনের দ্বিতীয় তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন এবং অন্তত ১৩ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) ফায়ার সার্ভিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নিহতদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। চার মিনিট পর, সকাল ৭টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়। সকাল ৭টা ৫৮ মিনিটে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টার দিকে পুরোপুরি নির্বাপণ করা হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া ১৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।”
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত কার্যক্রম চলছে।