
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন নির্বাচনী ঐক্য ছেড়ে এককভাবে মাঠে নামার ঘোষণা দিয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান জানান, ইসলামী আন্দোলন ইতোমধ্যে ২৬৮টি আসনে প্রার্থী দিয়েছে।
তিনি বলেন, “ইসলামী আন্দোলন এককভাবেই নির্বাচনে অংশ নেবে। বাকি ৩২টি আসনেও সৎ ও যোগ্য প্রার্থীদের সমর্থন দেওয়া হবে।”
এদিকে আসন বণ্টন নিয়ে টানাপোড়েনের পর ইসলামী আন্দোলনকে ছাড়াই জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১০ দল ২৫৩টি আসনে সমঝোতায় পৌঁছেছে। এর মধ্যে তিনটি আসন একাধিক শরিক দলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নির্বাচনী ঐক্যের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
ওই সংবাদ সম্মেলনের মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য চেয়ার রাখা হলেও দলটির কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন না। এর আগে বৃহস্পতিবার দুপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক এবং রাতে সংবাদ সম্মেলন- দুটিই বর্জন করে ইসলামী আন্দোলন।
তবুও ঐক্যের পক্ষ থেকে ইসলামী আন্দোলনের জন্য পাঁচটি উন্মুক্ত আসনসহ মোট ৪৭টি আসন রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত দলটি নির্বাচনী ঐক্যে না আসায় শুক্রবার সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করল।
জানা গেছে, ইসলামী আন্দোলন ঐক্যে না থাকায় ফাঁকা রাখা আসনগুলোতে জামায়াতের প্রার্থীরাই প্রতিদ্বন্দ্বিতা করবেন।