
ছবি: সংগৃহীত
ভারতের ঝাড়খণ্ডে বাংলাদেশি সন্দেহে এক শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে তার বসতঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
নিহত শ্রমিকের নাম আলাউদ্দিন শেখ (৩৬)। তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার কুমারপুর পঞ্চায়েতের সুজাপুর গ্রামের বাসিন্দা। জীবিকার তাগিদে প্রায় পাঁচ বছর আগে ঝাড়খণ্ডে যান আলাউদ্দিন এবং সেখানে ফেরিওয়ালার কাজ করতেন।
নিহতের ভগ্নিপতি ওসমান শেখ জানান, গত বুধবার ফোনে আলাউদ্দিন জানিয়েছিলেন, বিভিন্ন এলাকায় ফেরি করতে গিয়ে তাকে নিয়মিত হেনস্তার শিকার হতে হচ্ছে। স্থানীয়রা তাকে বাংলাদেশি বলে সন্দেহ করছে। আধার কার্ড দেখিয়েও তিনি রক্ষা পাননি। সে সময় আলাউদ্দিন ভয়ের কথা জানিয়েছিলেন বলেও জানান তিনি। এরপর বৃহস্পতিবার বিকেলে পরিবারের সঙ্গে শেষবার কথা হয় তার। তারপর থেকেই মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
শুক্রবার সকালে মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে পরিবারের সদস্য, স্বজন ও প্রতিবেশীরা বিক্ষোভে ফেটে পড়েন। তারা রেললাইন ও সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান।
পরিবারের দাবি, যে ছবি তারা পেয়েছেন সেখানে আলাউদ্দিনকে ফাঁস দিয়ে বসা অবস্থায় দেখা গেছে। তাদের অভিযোগ, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা। ঘটনার প্রমাণ লোপাটের জন্য পরে গলায় ফাঁস দেওয়া হয়েছে বলে দাবি করেন তারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের এলিট বাহিনী র্যাপিড অ্যাকশন ফোর্স (র্যাফ) মোতায়েন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সূত্র: বিবিসি বাংলা