
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে করা আপিলের সপ্তম দিনে শুক্রবার (১৬ জানুয়ারি) ১৮ প্রার্থীর আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই দিনে ২১ জন প্রার্থীর আপিল নামঞ্জুর করা হয়েছে এবং চারটি আপিল অপেক্ষমাণ রাখা হয়েছে।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও অংশ নেন। বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত মোট ৪৩টি আপিলের শুনানি সম্পন্ন হয়।
এর আগে, মনোনয়নপত্র বাছাইয়ের মাধ্যমে রিটার্নিং কর্মকর্তারা ৭২৩টি আবেদন বাতিল করেছিল। এসব সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল জমা পড়ে, যার শুনানি গত ১০ জানুয়ারি থেকে শুরু হয়েছে।
নির্বাচন সংক্রান্ত সময়সূচি অনুযায়ী, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।