
ফাইল ছবি
যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। দেশটিতে চলমান বিক্ষোভ কঠোরভাবে দমনের অভিযোগে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা এ নিষেধাজ্ঞার টার্গেট হয়েছেন। এছাড়া মার্কিন অর্থ দপ্তর ১৮ জন ব্যক্তির ওপর পৃথক নিষেধাজ্ঞা জারি করেছে।
মার্কিন ট্রেজারি বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি, ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কমান্ডাররা। যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, এই কর্মকর্তারা দেশজুড়ে বিক্ষোভ দমন পরিকল্পনা ও বাস্তবায়নের মূল নকশাকার।
এক ভিডিও বার্তায় মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, “আমরা ইরানি সরকারের অর্থের গতিপথ ট্র্যাক করব এবং মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।” তিনি বলেন, যুক্তরাষ্ট্র স্বাধীনতা ও ন্যায়ের দাবিতে ইরানি জনগণের পাশে দৃঢ়ভাবে রয়েছে।
এ বিষয়ে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেন, সরকার বিক্ষোভের পেছনে থাকা অর্থনৈতিক সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছে। তিনি দুর্নীতি ও নিম্নআয়ের মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি করার প্রতিশ্রুতি দিয়েছেন।
নিষেধাজ্ঞার পাশাপাশি মার্কিন অর্থ দপ্তর অভিযোগ করেছে, ১৮ ব্যক্তি ইরানের আর্থিক প্রতিষ্ঠানের ছায়া ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের অর্থ পাচারে জড়িত ছিলেন।