
কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য স্বস্তির খবর দিয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। ই-পাসপোর্ট সেবার ফি পুনর্নির্ধারণ করা হয়েছে, যা কার্যকর হবে আগামী সোমবার (১৯ জানুয়ারি) থেকে। নতুন ফি কাঠামো অনুযায়ী মালয়েশিয়ান রিঙ্গিতে ই-পাসপোর্টের খরচ গড়ে প্রায় ১৫ শতাংশ কমেছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) হাইকমিশনের দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, মার্কিন ডলারের বিপরীতে মালয়েশিয়ান রিঙ্গিতের বিনিময় হারে বড় ধরনের পরিবর্তনের কারণে ই-পাসপোর্ট ফি পুনঃনির্ধারণ করা হয়েছে।
হাইকমিশন সূত্রে জানানো হয়, গত ছয় মাসের গড় বিনিময় হার বিবেচনায় নিয়ে এবং ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিলের ১০ শতাংশ সারচার্জ যুক্ত করেই নতুন এই ফি নির্ধারণ করা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী সংশোধিত ই-পাসপোর্ট ফি নিম্নরূপ:
সাধারণ শ্রমিক ও শিক্ষার্থী ক্যাটাগরি:
৪৮ পাতা (৫ বছর): ১৬৪ রিঙ্গিত → ১৪০ রিঙ্গিত
৪৮ পাতা (১০ বছর): ২৭৩ রিঙ্গিত → ২৩৩ রিঙ্গিত
৬৪ পাতা (৫ বছর): ৮১৭ রিঙ্গিত → ৬৯৫ রিঙ্গিত
৬৪ পাতা (১০ বছর): ৯৫৩ রিঙ্গিত → ৮১০ রিঙ্গিত
অন্যান্য ভিসা ক্যাটাগরি (পেশাজীবী ও অন্যান্য)
৪৮ পাতা (৫ বছর): ৫৪৫ রিঙ্গিত → ৪৬৫ রিঙ্গিত
৪৮ পাতা (১০ বছর): ৬৮১ রিঙ্গিত → ৫৮০ রিঙ্গিত
৬৪ পাতা (৫ বছর): ৮১৭ রিঙ্গিত → ৬৯৫ রিঙ্গিত
৬৪ পাতা (১০ বছর): ৯৫৩ রিঙ্গিত → ৮১০ রিঙ্গিত
ইএসকেএল সার্ভিস চার্জ: আবেদন ফরম পূরণ, ডকুমেন্ট প্রস্তুত, ইন্টারভিউ, বায়ো-এনরোলমেন্ট, স্ক্যানিং ও পাসপোর্ট ডেলিভারির অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সেবার জন্য সাধারণ শ্রমিক ও শিক্ষার্থীদের দিতে হবে ৩২ রিঙ্গিত। অন্য আবেদনকারীদের ক্ষেত্রে এই চার্জ ৬০ রিঙ্গিত নির্ধারণ করা হয়েছে।
হাইকমিশনের পক্ষ থেকে নির্ধারিত তারিখের পর নতুন হারে ফি পরিশোধ করে সেবা নেওয়ার জন্য প্রবাসীদের অনুরোধ জানানো হয়েছে। প্রবাসী বাংলাদেশিরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, নতুন ফি কাঠামো ই-পাসপোর্ট নবায়ন ও নতুন পাসপোর্ট গ্রহণে তাদের আর্থিক চাপ কিছুটা হলেও কমাবে।