
ছবি: সংগৃহীত
মাঘ মাসের শুরু হলেও দেশের বেশিরভাগ এলাকায় কনকনে শীতের তেমন প্রভাব দেখা যাচ্ছে না। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি জানুয়ারি মাসের বাকি সময়জুড়ে বড় ধরনের শৈত্যপ্রবাহের সম্ভাবনা খুবই কম।
শনিবার (১৭ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়—৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া বিজ্ঞানের নিয়ম অনুযায়ী, ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। তবে এক বা দুইটি বিচ্ছিন্ন এলাকায় এমন তাপমাত্রা থাকলে আনুষ্ঠানিকভাবে শৈত্যপ্রবাহ ঘোষণা করা হয় না।
আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার দেশের তিনটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ থাকলেও শনিবার পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, আগামী দুই দিন সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এরপর থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ২৬ জানুয়ারি পর্যন্ত নতুন কোনো শৈত্যপ্রবাহের লক্ষণ দেখা যাচ্ছে না।
চলতি মাসের শেষ দিকে শীত আবার বাড়বে কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে জানুয়ারিতে নতুন করে বড় কোনো শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।