
সংগৃহীত ছবি
শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।
শনিবার (১৭ জানুয়ারি) বাদ জোহর বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শৌলপাড়া মনর খান উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আনুষ্ঠানিকভাবে এই যোগদান সম্পন্ন হয়।
ইউনিয়ন বিএনপি নেতা আতিক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম।
পরে সরদার একেএম নাসির উদ্দীন কালু ও সাঈদ আহমেদ আসলামের হাত ধরে শৌলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুল মান্নান খান ভাসানী, সাবেক সহ-সভাপতি সিরাজ খান, শৌলপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা ইদ্রিস খান ও আলমগীর বেপারীসহ পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।
অনুষ্ঠানে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা এবং বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।
এর আগে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নে আওয়ামী লীগের চার শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে বক্সমপট্টি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর হাত ধরে সামন্তসার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি আব্দুল কাদের হাওলাদারসহ ইউপি সদস্য, নারী সদস্য এবং প্রায় চার শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।