
সংগৃহীত ছবি
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)। এ ধরনের প্রার্থীদের নির্বাচনে সুযোগ দেওয়া হলে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে আন্দোলনে নামার ঘোষণাও দিয়েছে দলটি।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, যারা অতীতে সুযোগ পেয়ে দেশের সম্পদ লুট করে বিদেশে পাড়ি জমিয়েছে এবং সেখানে সম্পদ গড়ে তুলেছে, তারা এখন দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করছে। এনসিপি কোনো অবস্থাতেই এ ধরনের দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না বলে স্পষ্ট করেন তিনি।
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে সুযোগ দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে আসিফ মাহমুদ বলেন, এই নির্বাচন কমিশনকে কোনোভাবেই দায়সারা নির্বাচন করার সুযোগ দেওয়া হবে না।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ অভিযোগ করেন, নির্বাচন কমিশনে পেশিশক্তির প্রকাশ্য প্রদর্শনী চলছে। শুনানিতে অংশ নিতে কেউ কেউ শত শত লোক নিয়ে যাচ্ছেন, আবার কোথাও আইনজীবীদের মহড়া দেওয়া হচ্ছে। এতে নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন এবং নির্বাচন পরিচালনা কমিটির আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।