
সংগীতশিল্পী হিসেবে পরিচিত হলেও অঞ্জন দত্তের সৃজনশীল জগৎ বহুমাত্রিক। গান লেখা, সুর করা ও গাওয়ার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত রয়েছেন। অভিনয় করেছেন খ্যাতিমান পরিচালকদের ছবিতে, আবার নিজেও পরিচালনা করেছেন সিনেমা। নিয়মিত লেখালেখির মধ্য দিয়ে নিজের জীবন ও সময়কে তুলে ধরার চেষ্টাও করেছেন তিনি।
এতদিন তার জীবনের নানা গল্প কখনও নিজের লেখায়, কখনও অন্যদের কলমে টুকরো টুকরোভাবে উঠে এলেও এবার সেসব স্মৃতি আরও গুছিয়ে নিজের ভাষায় তুলে ধরেছেন আত্মজীবনীতে। গত ১৫ জানুয়ারি দে’জ প্রকাশনী থেকে প্রকাশ পেয়েছে তার লেখা বই ‘অঞ্জন নিয়ে’।
আগামীকাল অঞ্জন দত্তের জন্মদিন। এদিন তিনি ৭২ বছর পূর্ণ করে ৭৩ বছরে পা দেবেন। জন্মদিন উপলক্ষে কলকাতার পার্ক স্ট্রিটের অক্সফোর্ড বুক স্টোরে ‘বাহাত্তুরে অঞ্জন’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন। তাঁর হাতেই বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হয়।
বই প্রসঙ্গে অঞ্জন দত্ত বলেন, এই বয়সে আত্মজীবনী লেখাকেই তিনি সবচেয়ে উপযুক্ত মনে করেছেন। পরে হয়তো আবেগ বেশি কাজ করতে পারে বা রসবোধ নষ্ট হয়ে যেতে পারে—এই ভাবনা থেকেই এখনই সত্যিটা লেখার সিদ্ধান্ত নেন তিনি।
বইটিতে উঠে এসেছে তার ব্যক্তিগত জীবন, শিল্পী হয়ে ওঠার পথ, কাজের অভিজ্ঞতা এবং মৃণাল সেন ও সত্যজিৎ রায়ের মতো কিংবদন্তি ব্যক্তিত্বদের সঙ্গে কাটানো সময়ের স্মৃতি। পাশাপাশি রয়েছে বিদেশে কাজ করার অভিজ্ঞতা ও কম জানা কিছু অধ্যায়।
অঞ্জন দত্তের বিশ্বাস, এই বইয়ের মাধ্যমে পাঠকেরা তাকে আরও গভীরভাবে ও নতুন দৃষ্টিতে চিনতে পারবেন।