
ইরানে হামলার পরিকল্পনা থেকে সরে আসার পর সম্প্রতি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নেতৃত্বের কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এসময় খামেনির ৩৭ বছরের শাসনের অবসানের আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি বলেছেন, ‘ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে’।
সরকারবিরোধী কয়েক সপ্তাহের বিক্ষোভে কয়েক হাজার মানুষ নিহত হওয়ার পর স্থানীয় সময় শনিবার (১৭ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন।
সাক্ষাৎকারে ট্রাম্পকে খামেনির একাধিক এক্স পোস্ট পড়ে শোনানো হয়, যেখানে ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুর জন্য ট্রাম্পকে দায়ী করা হয়। জবাবে ট্রাম্প বলেন, ‘ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে।’
ট্রাম্প আরও বলেন, দমন-পীড়ন ও সহিংসতার ওপর নির্ভর করে ইরানি শাসকরা টিকে আছে। একটি দেশের নেতা হিসেবে তিনি (খামেনি) যে অপরাধ করেছেন, তা হলো পুরো দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া এবং আগে কখনো না দেখা মাত্রায় সহিংসতা ব্যবহার করা। দেশ পরিচালনার দিকে মনোযোগ দেয়ার বদলে তিনি ক্ষমতায় টিকে থাকতে হাজার হাজার মানুষকে হত্যা করছেন।
খামেনিকে ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘লোকটি অসুস্থ মানুষ, তার উচিত নিজের দেশটা ঠিকভাবে চালানো এবং মানুষ হত্যা বন্ধ করা। তার নেতৃত্বের ব্যর্থতার কারণেই তার দেশ পৃথিবীর যেকোনো জায়গার চেয়ে বসবাসের জন্য সবচেয়ে খারাপ স্থান।’