
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পর্যায়ের সব প্রক্রিয়া সম্পন্ন করে আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগে খসড়াটি পাঠানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দ্রুততম সময়ে অধ্যাদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অধ্যাদেশ চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মতামত সংগ্রহ, ওয়েবসাইটে প্রকাশের মাধ্যমে জনমত গ্রহণ, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভা এবং বিশেষজ্ঞদের অভিমত গ্রহণসহ একাধিক গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের লক্ষ্য ছিল—সবার যৌক্তিক প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে এবং বিদ্যমান উদ্বেগগুলো বিবেচনায় নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার উপযোগী কাঠামো নির্ধারণ করা। সবার ধৈর্যশীল সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার কারণেই এই জটিল প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানানো হয়।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, একটি টেকসই ও বিশ্বমানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য মৌলিক ও অবকাঠামোগত সংস্কার ধাপে ধাপে ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা প্রয়োজন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা বিশৃঙ্খলা পুরো উদ্যোগকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলেও সতর্ক করা হয়।
জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, যেহেতু অধ্যাদেশটি এখন সরকারের সর্বোচ্চ পর্যায়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে, তাই জনদুর্ভোগ সৃষ্টি হয় বা স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়- এমন কোনো কর্মসূচি থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় আশা প্রকাশ করে জানায়, পারস্পরিক সহযোগিতা ও ধৈর্যের এই ধারা অব্যাহত থাকলে খুব শিগগিরই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে, যা দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করবে।