
সংগৃহীত ছবি
মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আহতদেরকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাদারীপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটকচর এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ইজিবাইককে সজোরে চাপা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর ডোবায় পড়ে যায়। ঘটনাস্থলেই ইজিবাইকের তিন যাত্রীসহ মোট ৬ জনের মৃত্যু হয়।
স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন— মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর গ্রামের শাহ আলমের ছেলে রুমান (২৫), শহরের কলেজ রোডের ১ নম্বর শকুনি এলাকার নেছার উদ্দিন মুন্সির ছেলে, বাসের হেলপার পান্নু মুন্সি (৫০), মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামের জসিম বেপারি ছেলে ইজিবাইকচালক সাগর বেপারি (২৬)।
মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মামুন আল রশিদ বলেন, বাস-অটোরিকশার দুর্ঘটনায় ঘটনাস্থলে ইজিবাইকের তিন যাত্রীসহ ৭ জন নিহত হয়েছেন। এ সময় বেশ কয়েকজন গুরুতর আহত হন। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।