
সংগৃহীত ছবি
রাশিয়া থেকে ৩৫ জন বাংলাদেশি প্রবাসী কর্মী চাকরিচ্যুত হয়ে দেশে ফেরত এসেছেন। শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৫টা ৪৫ মিনিটে কাতার এয়ারওয়েজের কিউয়ার-৬৩৮ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
ফেরত আসা কর্মীরা অভিযোগ করেছেন, কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই তাদের নিয়োগকারী প্রতিষ্ঠান চাকরিচ্যুত করে দেশে পাঠিয়েছে। প্রত্যেকের বিদেশে যাওয়ার জন্য গড় খরচ ছিল প্রায় সাত লাখ টাকা। প্রবাসীরা জানান, তারা বিদেশে কাজের জন্য অর্থ বিনিয়োগ করেছিলেন, কিন্তু চাকরিচ্যুত হওয়ার কারণে এখন অনিশ্চয়তায় পড়েছেন।
ইতিমধ্যে পর্যায়ক্রমে মোট ১২০ জন বাংলাদেশি শ্রমিককে চাকরিচ্যুত করে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তারই অংশ হিসেবে আজ প্রথম দফায় ৩৫ জন কর্মী দেশে ফিরেছেন। ফেরত আসা কর্মীদের মধ্যে গাইবান্ধা, মানিকগঞ্জ, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, ঢাকা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রবাসীরা রয়েছেন।
ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, প্রবাসী কল্যাণ ডেস্ক এবং সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির যৌথ সহায়তায় দেশে ফেরত আসা কর্মীদের বিমানবন্দরে পরিবহন সুবিধা এবং অন্যান্য জরুরি সহায়তা প্রদান করা হয়েছে।
তিনি আরো জানান, দেশে ফেরার পর প্রবাসীদের সঙ্গে জরুরি সহায়তা এবং পুনর্বাসনের ব্যবস্থায় সংশ্লিষ্ট সংস্থা যুক্ত রয়েছে। প্রবাসীদের নিরাপত্তা এবং সুবিধা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।