
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের অভিযোগ করেছেন, দেশের প্রশাসন ধীরে ধীরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে। এ ধারা অব্যাহত থাকলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয় ও হতাশা তৈরি হবে বলে তিনি মনে করেন।
রোববার (১৮ জানুয়ারি) রাত ৮টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. তাহের। তিনি জানান, মাঠপর্যায়ে দায়িত্বে থাকা এসপি ও ডিসিদের আচরণে নিরপেক্ষতার ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি, সরকারের অতিরিক্ত নিরাপত্তা ও প্রটোকল একটি প্রধান রাজনৈতিক দলের নেতাকে ঘিরে দেওয়া হচ্ছে, যা সমতার নীতির পরিপন্থী।
ডা. তাহের বলেন, “কারো নিরাপত্তা বা প্রটোকলে আমাদের আপত্তি নেই। কিন্তু এটি সবার জন্য সমানভাবে নিশ্চিত করতে হবে। নইলে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণের দায় এড়াতে পারবে না।” তিনি জানান, এসব বিষয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং প্রয়োজন হলে নির্বাচন কমিশনের যথাযথ পদক্ষেপ প্রত্যাশা করা হয়েছে।
এদিকে, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন নিয়ে আশাবাদ প্রকাশ করেন তিনি। ডা. তাহের বলেন, প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন যে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। বাস্তবায়ন হলে জামায়াত এটিকে একটি ইতিবাচক ও গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখবে।