
সংগৃহীত ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি অংশগ্রহণ করবে কিনা তা পুনর্বিবেচনা করা হচ্ছে। তিনি অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন (ইসি) বিএনপির পক্ষে পক্ষপাত করছে, যা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনাকে প্রশ্নের মুখে ফেলেছে।
রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, “দ্বৈত নাগরিক এবং ঋণ খেলাপি প্রার্থীদের বৈধতা দেওয়াসহ নানা ইস্যুতে নির্বাচন কমিশন বিএনপির পক্ষে পক্ষপাত করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমরা এই কমিশনের ওপর কোনো কনফিডেন্ট পাচ্ছি না।”
তিনি আরও জানান, এই পরিস্থিতিতে এনসিপি এই নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা তা পুনর্বিবেচনার পর্যায়ে এসেছে। “এখন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা আমাদের কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনা করে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত গ্রহণ করবো।”
আসিফ মাহমুদ বলেন, অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করলেও এনসিপির ১০ দলীয় নির্বাচনী ঐক্য রয়েছে। সব বিষয় পর্যালোচনা করার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে রাজপথে আন্দোলনসহ সব বিকল্পকেই বিবেচনায় রাখা হবে।
সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন এবং আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা উপস্থিত ছিলেন।