
ছবি: সংগৃহীত
প্লে-অফ ও পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল চট্টগ্রাম রয়্যালসের। ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি তাদের জন্য ছিল কেবলই নিয়মরক্ষার। তবে নিয়মরক্ষার এই ম্যাচে জয়ের দেখা পেল না চট্টগ্রাম; বরং ৪২ রানের দাপুটে এক জয়ে টুর্নামেন্ট শেষ করল ঢাকা ক্যাপিটালস।
মিরপুরে আজ ঢাকার দেওয়া ১৭১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে চট্টগ্রাম বড় ধরনের ব্যাটিং বিপর্যয়ে পড়ে। দলীয় মাত্র ১৯ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়া দলটি আর ঘুরে দাঁড়াতে পারেনি। মাঝে নাঈম শেখের ১৮ ও হাসান নওয়াজের ১৯ রানের ইনিংসে ভর করে চতুর্থ উইকেটে ২৫ রানের একটি জুটি গড়ে ধাক্কা সামলানোর চেষ্টা করা হলেও, ৪ রানের ব্যবধানে দুজনই সাজঘরে ফিরলে চট্টগ্রামের পরাজয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়।
একপর্যায়ে ৭৮ রানে ৮ উইকেট হারিয়ে বসা চট্টগ্রাম যখন ১০০-র নিচে অলআউট হওয়ার শঙ্কায় ভুগছিল, তখন দলের হাল ধরেন আমের জামাল। মূলত তার লড়াকু ৪২ রানের ইনিংসের কল্যাণেই পরাজয়ের ব্যবধান কিছুটা কমে চট্টগ্রামের। শেষ পর্যন্ত পুরো ইনিংস খেলে ১২৮ রান সংগ্রহ করতে সক্ষম হয় তারা। ঢাকার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন, যিনি একাই ৪টি উইকেট শিকার করে চট্টগ্রামের মিডল ও লোয়ার অর্ডার ধসিয়ে দেন।
এর আগে ব্যাটিংয়ে নেমে সাইফ হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৭১ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় ঢাকা ক্যাপিটালস। আসরের নিজের শেষ ম্যাচে এসে প্রথম ফিফটির দেখা পাওয়া সাইফ খেলেন ৭৩ রানের এক দায়িত্বশীল ইনিংস। চট্টগ্রামের পক্ষে বল হাতে সর্বোচ্চ ৩টি উইকেট নেন তানভীর ইসলাম।
যদিও চট্টগ্রামের জন্য এই হারের ফলে আসরের পরবর্তী সমীকরণে কোনো প্রভাব পড়ছে না, তবে জয়ের মধ্য দিয়ে বিপিএল শেষ করতে পারাটা ঢাকার জন্য বড় এক প্রাপ্তি।