
বাংলাদেশ দল
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চলমান অনিশ্চয়তার অবসান ঘটতে যাচ্ছে আগামী বুধবার (২১ জানুয়ারি)। ওই দিনই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গত শনিবার অনুষ্ঠিত এক বৈঠকে বিসিবিকে বিষয়টি নিশ্চিত করেছেন আইসিসির প্রতিনিধিরা।
বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে আলোচনা করতে সম্প্রতি বাংলাদেশ সফরে আসেন আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। এ ছাড়া বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আইসিসির জেনারেল ম্যানেজার (ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশনস) গৌরব সাক্সেনা। বৈঠকে বিসিবির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ দল কোনোভাবেই ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে আগ্রহী নয়।
এই প্রেক্ষাপটে লজিস্টিক জটিলতা কমানোর বিষয়টি সামনে রেখে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব তোলে বিসিবি। আলোচনায় আয়ারল্যান্ডকে ‘বি’ গ্রুপ থেকে ‘সি’ গ্রুপে এবং বাংলাদেশকে ‘সি’ গ্রুপ থেকে ‘বি’ গ্রুপে স্থানান্তরের বিষয়টি উঠে আসে। তবে জানা গেছে, বাংলাদেশের এই অনুরোধে রাজি হয়নি আইসিসি। ফলে গ্রুপ পরিবর্তনের সম্ভাবনা কার্যত নাকচ হয়ে গেছে।

আইসিসির পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হয়েছে যে, ভারতের ভেন্যুগুলোতে বাংলাদেশ দলের জন্য কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। তাই এখন আইসিসি বাংলাদেশের কাছ থেকেই চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে—বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপে অংশ নেবে, নাকি ভিন্ন কোনো পথ বেছে নেবে।
বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারতে গিয়ে না খেলার সিদ্ধান্ত নেয়, সে ক্ষেত্রে আইসিসি বিকল্প হিসেবে অন্য একটি দলকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করতে পারে। র্যাংকিংয়ের ভিত্তিতে সেই দল হিসেবে স্কটল্যান্ডের নামই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।
সবশেষে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তর করা হবে, নাকি ভারতেই খেলতে হবে, কিংবা বাংলাদেশের জায়গায় অন্য কোনো দল খেলবে—সব প্রশ্নের উত্তর মিলবে আগামী বুধবারের মধ্যেই।
সূত্র: ক্রিকইনফো