
মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ইউটিউব ফিল্ম ‘সম্পর্কের গল্প’ দর্শকদের মাঝে এক অন্যরকম আলোড়ন তৈরি করেছে। সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তির পর থেকেই এটি নেটিজেনদের প্রশংসায় ভাসছে।
পারিবারিক টানাপোড়েন, মান-অভিমান আর ভালোবাসার এই গল্পে দর্শকরা যেন নিজেদের জীবনেরই প্রতিচ্ছবি খুঁজে পেয়েছেন। বিশেষ করে ফিল্মটির শেষ ২০ মিনিটের আবেগঘন দৃশ্যগুলো দর্শকদের এতটাই আপ্লুত করেছে যে, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই জানিয়েছেন তারা এটি দেখে চোখের জল ধরে রাখতে পারেননি।

গত বছরের রেকর্ড ভিউ পাওয়া ‘তোমাদের গল্প’-এর অভাবনীয় সাফল্যের পর নির্মাতা রাজ নিয়ে এলেন ‘গল্প’ সিরিজের এই নতুন কিস্তি। গত ১০ জানুয়ারি মুক্তির পর থেকেই এটি একের পর এক রেকর্ড ভেঙে চলেছে। মাত্র ৫ ঘণ্টা ৩৫ মিনিটে এক মিলিয়ন ভিউয়ের মাইলফলক স্পর্শ করে, ৯ ঘণ্টা ৩৭ মিনিটে এই সংখ্যা ছাড়িয়েছে দুই মিলিয়নের ঘর। ১৩ ঘণ্টা ৩১ মিনিটে এটি ভিউ পেয়েছে তিন মিলিয়ন। ২৪ ঘণ্টা পর সেটি দাঁড়ায় ৬ মিলিয়ন। দুই দিনে ৮০ লাখ বার দেখা হয়েছে এটি। তিন দিনেই রেকর্ড কোটি ভিউ পেয়েছে ‘সম্পর্কের গল্প’! বর্তমানে মাত্র ৮ দিনে এর ভিউ সংখ্যা ১ কোটি ৫৫ লাখ ছাড়িয়ে গেছে।
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে দর্শকরা পরিচালক রাজকে ‘ম্যাজিশিয়ান’ আখ্যা দিয়ে বলছেন, নাগরিক জটিলতা আর গ্রামীণ স্নিগ্ধতার এক অপূর্ব মেলবন্ধন ঘটেছে এই কাজে। এই ফিল্মের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছেন অভিনেত্রী মনিরা মিঠু। তার হৃদয়স্পর্শী কান্না ও অভিনয় দর্শকদের রীতিমতো স্তব্ধ করে দিয়েছে।

মনিরা মিঠু নিজেও দর্শকদের এই ভালোবাসায় সিক্ত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি জোভান ও তটিনী জুটি আরো একবার তাদের রসায়ন দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন। বর্ষীয়ান শিল্পী দিলারা জামান, নাদের চৌধুরী থেকে শুরু করে দীপা খন্দকার – প্রত্যেকের সাবলীল অভিনয় এই দুই ঘণ্টার ফিল্মটিকে প্রাণবন্ত করে তুলেছে। দিনশেষে পরিবারই যে সবচেয়ে বড় আশ্রয়, ‘সম্পর্কের গল্প’ যেন সেই বার্তাই দিয়ে গেল।