
ছবি: সংগৃহীত
বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের সুযোগ করে দেওয়ার অভিযোগে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের সাবেক উপ-সহকারী অভিবাসন পরিচালক মাস্তুরা আজিজ (৪৯) গ্রেফতার হয়েছেন। তার বিরুদ্ধে প্রায় ১ লাখ ৪০ হাজার রিঙ্গিত ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) মালয়েশিয়ার একটি দায়রা আদালতে মাস্তুরা আজিজের বিরুদ্ধে চারটি পৃথক অভিযোগ গঠন করা হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে বিভিন্ন দফায় তিনি এই অর্থ গ্রহণ করেন।
অভিযোগপত্রে বলা হয়, ৩ মে পাঁচজন বাংলাদেশি নাগরিককে প্রবেশের সুযোগ দিতে ১২ হাজার ৫০০ রিঙ্গিত, ৭ মে ১৯ জনের জন্য ৪৭ হাজার ৫০০ রিঙ্গিত, ১১ মে ২১ জনের বিনিময়ে ৫২ হাজার ৫০০ রিঙ্গিত এবং ১৫ মে ১১ জন বাংলাদেশিকে প্রবেশের অনুমতি দিতে ২৭ হাজার ৫০০ রিঙ্গিত গ্রহণ করেন তিনি।
এই অভিযোগগুলো মালয়েশিয়ান অ্যান্টি-করাপশন কমিশন (এমএসিসি) অ্যাক্ট ২০০৯-এর ধারা ১৬(এ)(বি) অনুযায়ী আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আইনের ২৪ ধারার অধীনে তার বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে।
আদালতে প্রসিকিউশনের পক্ষে ছিলেন ডেপুটি পাবলিক প্রসিকিউটর ইরনা জুলিজে মারাস এবং আসামিপক্ষে লড়ছেন আইনজীবী দাতুক গিথান রাম ভিনসেন্ট। মামলার পরবর্তী শুনানি ও নথিপত্র জমা দেওয়ার জন্য আদালত আগামী ২৫ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করেছেন।