
ছবি- সংগৃহীত
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য মো. সাজেদুল করিমসহ প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা ১২ ঘণ্টা পর অবরোধ থেকে মুক্ত হয়েছেন।
সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের তালা খুলে তাদের অবস্থান কর্মসূচি স্থগিত করেন। এর আগে একইদিন দুপুরে হাইকোর্ট শাবিপ্রবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের চার সপ্তাহের জন্য স্থগিতের নির্দেশ দেন। প্রতিবাদে দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনকারীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে উপাচার্য ও কর্মকর্তাদের ১২ ঘণ্টা অবরুদ্ধ রাখেন।
অবরুদ্ধ থাকার সময় উপাচার্য আন্দোলনকারীদের সঙ্গে কয়েকবার বৈঠক করেন। এ সময় তিনি জানান, “তিনজন শিক্ষার্থী হাইকোর্টে রিট করেছেন। হাইকোর্ট রিট আমলে নিয়ে শাকসু নির্বাচন স্থগিত করেছে। আমরা চেম্বার আদালতে আপিল করেছি। শুনানির তারিখ এখনও নির্ধারণ হয়নি। শিক্ষামন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কোর্টের নির্দেশনা পেলে আমরা সে অনুযায়ী শাকসু আয়োজনের ব্যবস্থা গ্রহণ করব।”
অবস্থান কর্মসূচি স্থগিত করার পর স্বতন্ত্র জিএস প্রার্থী পলাশ বখতিয়ার বলেন, আমরা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা নিশ্চিত করতে তাদের অবরুদ্ধ করেছি। এটি হাইকোর্টের হাতে আছে। প্রশাসন যতটা সম্ভব ব্যবস্থা নেবে। মঙ্গলবার সকাল ১০টা থেকে কর্মসূচি পুনরায় শুরু হবে।
এর আগে আন্দোলনরত শিক্ষার্থীরা সিলেট-সুনামগঞ্জ সড়ক প্রায় ৩ ঘণ্টা অবরোধ করেছিলেন। বিক্ষোভে অংশ নেন বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীসহ সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছে এবং স্থগিতাদেশ চেয়েছে।