
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।। ভিডিও থেকে নেওয়া ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে বর্তমান সংস্কার প্রস্তাবের দুই বছর আগে। এখন সরকার খুব প্রচারণা চালাচ্ছে। সংস্কার তো বিএনপির সন্তান।
মঙ্গলবার (২০ জানুয়ারি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
এসময় জামায়াতের প্রচারণার প্রতি ইঙ্গিত করে বিএনপি মহাসচিব বলেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেস্তে যাবে! হায়, হায়! আল্লাহর প্রতি কমপ্লিট সারেন্ডার করে ইবাদত করে ঈমান এনে তাহলে কোন লাভ নাই? এরা মুনাফিকি করে মানুষকে ভুল বুঝিয়ে ভোট চাচ্ছে।
মির্জা ফখরুল বলেন, বিএনপি তো এখন ওদের সবচেয়ে বড় শত্রু। অতীতে বাংলাদেশকে যারা স্বীকার করে নাই, তারাই এখন সবচেয়ে বেশি দুষ্টামি করছে। আমাদের কতজন মা-বোনকে পাক হানাদার বাহিনীর কাছে তুলে দিয়েছে এই হিসাব আমরা ভুলি নাই।
তিনি বলেন, অনেক ত্যাগ পেরিয়ে দেশ একটি জায়গায় এসেছে। সামনে নির্বাচন। যেখানে মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে গণতান্ত্রিক দেশে গড়ে তোলার সুযোগ হয়েছে।
তিনি আরও বলেন, সংস্কারের পক্ষে বিএনপি। তোমরা কারসাজি করেছো, বেইমানি করেছো, যেগুলোতে একমত হই নাই সেগুলোও সংস্কারে ঢুকিয়ে দিয়েছো। তারপরও রাজি হয়েছি, ঠিক আছে।
এই বিএনপি নেতা বলেন, অর্কেস্ট্রা চলছে, বিএনপির ল্যান্ডস্লাইড ভিক্টোরি ঠেকাতে বিএনপির বিরুদ্ধে পরিকল্পনাভাবে প্রচারণা চালাচ্ছে। যারা নির্বাচন হবে কিনা বলে শঙ্কা প্রকাশ করছে, খোঁজ নিলে দেখা যাবে ভেতরে ভেতরে তাদের তিনটা সিটও নাই।
তিনি বলেন, এবারের ভোট বলে দেবে দেশ লিবারেল ডেমোক্রেটিক রাজনীতি থাকবে নাকি উগ্রপন্থীর রাজনীতি থাকবে। আমরা ভোটের জন্য অপেক্ষা করছি।