
দেশে চারটি নতুন থানা গঠনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। একই সঙ্গে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদন ও ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’কে পুনরায় একীভূত করার সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর বাসভবন যমুনায় নিকারের ১১৯তম সভা অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি ছিল নিকারের প্রথম বৈঠক। সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়।
সভায় প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত মোট ১১টি প্রস্তাব অনুমোদন পায়। এর মধ্যে নতুন থানা হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে গাজীপুর জেলার পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলার পূর্বাচল দক্ষিণ এবং কক্সবাজার জেলার মাতারবাড়ী থানাকে। পাশাপাশি নরসিংদী জেলার রায়পুরা থানাকে বিভক্ত করে একটি নতুন থানা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া পরিবেশগত গুরুত্ব, পর্যটন সম্ভাবনা ও অর্থনৈতিক বিবেচনায় সাতক্ষীরা জেলাকে ‘বি’ শ্রেণি থেকে উন্নীত করে ‘এ’ শ্রেণির জেলায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদিত হয়।
সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন ‘স্বাস্থ্য সেবা বিভাগ’ এবং ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’ পুনরায় একীভূত করে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাবও অনুমোদন করা হয়।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মন্ত্রণালয়ের ইংরেজি নাম অপরিবর্তিত থাকবে।
এ ছাড়া অর্থ মন্ত্রণালয়ের অধীনে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি নতুন প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব সভায় অনুমোদন পায়। উল্লেখ্য, এ বিষয়ে ইতোমধ্যে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছে।
এদিকে ঠাকুরগাঁও জেলার ‘ভূল্লী’ থানার নামের বানান সংশোধনের প্রস্তাবও বৈঠকে অনুমোদিত হয়।
সভায় প্রধান উপদেষ্টা ছাড়াও একাধিক উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিবসহ সরকারের ১৪ জন সচিব ও জ্যেষ্ঠ সচিব উপস্থিত ছিলেন।