
মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে আগে থেকেই দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি ছিল
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা, এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেন চিকিৎসার উদ্দেশ্যে বিদেশ যাওয়ার অনুমতি চাইলেও আদালত তা মঞ্জুর করেননি।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ তার করা আবেদনটি খারিজ করে দেন। আদালত সূত্রে জানা গেছে, মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে আগে থেকেই দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি ছিল।
এদিন তার পক্ষে আইনজীবী মো. রায়হান আদালতে আবেদন করে এক মাসের জন্য বিদেশ ভ্রমণের অনুমতি এবং তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অবমুক্ত করার অনুরোধ জানান। আবেদনে বলা হয়, মামলায় তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে এবং তিনি কোনো রাষ্ট্রবিরোধী বা আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত নন। তার বিরুদ্ধে আনা অভিযোগ আইনগতভাবে মোকাবিলা করা হবে বলেও উল্লেখ করা হয়।
আবেদনে আরও জানানো হয়, দুর্ঘটনাজনিত কারণে পড়ে গিয়ে মোয়াজ্জেম হোসেন স্পাইনাল কর্ডে গুরুতর আঘাত পান। এতে তার মেরুদণ্ড থেকে তরল নির্গত হয় এবং উন্নত চিকিৎসার প্রয়োজন দেখা দেয়। থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসার জন্য মেডিকেল ভিসা ইনভাইটেশন লেটার পাওয়া গেছে এবং আগামী ১৫ ফেব্রুয়ারি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার তারিখ নির্ধারিত রয়েছে। তবে সব পক্ষের বক্তব্য শুনে আদালত বিদেশ যাওয়ার অনুমতি দিতে অস্বীকৃতি জানান।
উল্লেখ্য, এর আগে গত বছরের ২৪ মে একই আদালত মোয়াজ্জেম হোসেনের এনআইডি ব্লক করার পাশাপাশি তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন।