
স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। তিনি ঢাকা-৯ আসন থেকে নির্বাচন করছেন।
নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এনসিপি থেকে বেরিয়ে আসা এই নেত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন।
প্রতীক বরাদ্দের কাগজ হাতে ছবি দিয়ে তাসনিম জারা লেখেন ‘সকল বাধা পেরিয়ে ফুটবল প্রতীক নিয়েই আমরা নির্বাচন করছি!’
এর আগে নির্বাচন কমিশন ভবনে প্রার্থিতা ফিরে পাওয়ার পর সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন, নির্বাচন কমিশনের কাছে পছন্দের ফুটবল প্রতীকের জন্য আবেদন করবেন।
এর আগে গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঢাকার রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার আবেদনটি বাতিল ঘোষণা করেছিলেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের তালিকায় ১০ জনের মধ্যে দুইজনের গরমিল দেখিয়ে তার প্রার্থিতা বাতিল করা হয়েছিল।