
ফাইল ছবি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী।
বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ জানুয়ারি দেশের ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা ব্যতীত) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শর্তসাপেক্ষে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রকাশিত ফলাফলটি সাময়িক। এই ফলাফলের ভিত্তিতে কেউ নিয়োগের নিশ্চয়তা দাবি করতে পারবেন না। লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সমন্বয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০২৫ অনুসরণ করে চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে।
ফলাফলে কোনো ধরনের ভুল, ত্রুটি বা অসঙ্গতি পরিলক্ষিত হলে তা সংশোধন কিংবা প্রয়োজনে বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। একই সঙ্গে কোনো প্রার্থী ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রদান বা তথ্য গোপন করলে তার ফলাফল বাতিল করা হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে জানানো হবে। এছাড়া মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের (mopme.gov.bd) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (dpe.gov.bd) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।