
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশজুড়ে যৌথ বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভোটের আগে চার দিন, ভোটের দিন এবং ভোটের পর আরও সাত দিন মাঠে থাকবেন যৌথ বাহিনীর সদস্যরা।
বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক উচ্চপর্যায়ের এক সভায় এ তথ্য জানান স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সভায় স্বরাষ্ট্রসচিব বলেন, আগামী পাঁচ দিনের মধ্যে স্থানীয় পর্যায়ে বডি ক্যামেরা পৌঁছে দেওয়া হবে। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রয়োজন অনুযায়ী ড্রোন ব্যবহার করবেন।
তিনি আরও জানান, আজ থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের নেতৃত্বে একাধিক টিম নির্বাচনসংক্রান্ত মাঠ পর্যায়ের সব তথ্য ২৪ ঘণ্টা মনিটরিং ও রেকর্ড করবে।
নাসিমুল গনি বলেন, বডি ক্যামেরার মাধ্যমে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট এলাকার সঙ্গে সংযুক্ত হওয়া যাবে এবং সব ঘটনা রেকর্ড করা সম্ভব হবে। সভায় বডি ক্যামেরা ব্যবহারের ওপর একটি ভিডিও চিত্রও উপস্থাপন করা হয়।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন এবং গণভোট নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।