
ফাইল ছবি
দেশের বাজারে আবারও বড় ধরনের উল্লম্ফন ঘটেছে সোনার দামে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে নতুন করে দাম বাড়িয়ে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে সোনা। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক লাফে ৮ হাজার ৩৩৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বৃদ্ধির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে নতুন এই দাম কার্যকর হবে।
বুধবার (২১ জানুয়ারি) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৭ হাজার ৯৯০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৯৭৮ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬ হাজার ৮২৩ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬ হাজার ৫৬৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৮৩২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা।
চলতি মাসেই একাধিক দফা সোনার দাম বাড়ানো হয়েছে। এর আগে ২১ জানুয়ারি, ২০ জানুয়ারি, ১৫ জানুয়ারি, ১৩ জানুয়ারি ও ১১ জানুয়ারি দফায় দফায় দাম বৃদ্ধি করা হয়। সব মিলিয়ে মাত্র ছয় দফায় ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়েছে ২৫ হাজার ৬৬১ টাকা।
এর আগে দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনার সর্বোচ্চ দাম ছিল ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা। নতুন করে দাম বাড়ায় সেই রেকর্ড ভেঙে ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছাল সোনা।
সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২৯২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৮৮২ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ২৩৩ টাকা বাড়িয়ে ৬ হাজার ৫৩২ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১৭৬ টাকা বাড়িয়ে ৫ হাজার ৫৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১৭৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ১৯৯ টাকা।
দফায় দফায় দাম বাড়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে, তবে ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজার ও কাঁচামালের মূল্য বৃদ্ধির প্রভাবেই দেশের বাজারে এই মূল্য সমন্বয় করা হচ্ছে।