
২০০০ সালের শুরুর দিকে আমির খানের সঙ্গে একটি জনপ্রিয় বিজ্ঞাপনের মাধ্যমে দর্শকের নজর কাড়েন বলিউড অভিনেত্রী রিমি সেন। এরপর ‘হাঙ্গামা’, ‘ধুম’, ‘গোলমাল’, ‘ফির হেরা ফেরি’, ‘জনি গাদ্দার’সহ একাধিক সফল ছবিতে অভিনয় করে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। তবে ক্যারিয়ারের শীর্ষ সময়েই হঠাৎ রুপালি পর্দা থেকে নিজেকে গুটিয়ে নেন রিমি।
দীর্ঘ বিরতির পর ভিন্ন পরিচয়ে আবারও আলোচনায় ফিরেছেন এই অভিনেত্রী। অভিনয় ছেড়ে বর্তমানে তিনি পূর্ণকালীন রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত। দুবাইয়ে নিজের ব্যবসা গড়ে তুলে নতুন পেশায় সফলভাবে পথচলা শুরু করেছেন রিমি সেন।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানান, দুবাইয়ের ব্যবসাবান্ধব পরিবেশ ও গ্রহণযোগ্যতা তাকে প্রতিযোগিতামূলক রিয়েল এস্টেট বাজারে টিকে থাকতে সহায়তা করছে।
এদিকে দুই বছর আগে ইনস্টাগ্রামে প্রকাশিত কিছু ছবি ঘিরে রিমি সেনকে নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা ও সমালোচনা শুরু হয়। তার চেহারার পরিবর্তন দেখে অনেকেই প্লাস্টিক সার্জারির গুঞ্জন ছড়ান। এ প্রসঙ্গে হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে রিমি সেন বলেন, তিনি কোনো প্লাস্টিক সার্জারি করাননি; কেবল ফিলার, বোটক্স ও পিআরপি ট্রিটমেন্ট নিয়েছেন।
সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন ও সৌন্দর্যচর্চার মাধ্যমেই তার ত্বকের উন্নতি হয়েছে। কেউ যদি এতে সমস্যা দেখে, তাহলে সংশোধনের পরামর্শ দিতে পারেন বলেও মন্তব্য করেন রিমি।
সূত্র: এনডিটিভি