
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে পোস্টাল ব্যালট পেতে চরম ভোগান্তিতে পড়েছেন কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তথ্যপ্রযুক্তির উন্নতির ফলে দেশটির অনেক পোস্ট অফিসের কার্যক্রম বন্ধ হয়ে গেলেও ভোটার নিবন্ধনের সময় ভুলবশত সেসব বন্ধ পোস্ট অফিসের ঠিকানা ব্যবহার করায় নির্ধারিত সময়ে ব্যালট পেপার হাতে পাচ্ছেন না অনেক প্রবাসী।
বুধবার (২১ জানুয়ারি) এ বিষয়ে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন জানান, সমস্যার সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি পোস্ট অফিসগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত প্রবাসীদের কাছে ব্যালট পেপার পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
এর আগে মঙ্গলবার কুয়েতের বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন পেশার প্রবাসীদের সঙ্গে পোস্টাল ভোট নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালট সংগ্রহে বিদ্যমান প্রতিবন্ধকতা ও বাস্তব সমস্যার কথা তুলে ধরেন।
দূতাবাস সূত্রে জানা গেছে, কুয়েত থেকে এবারে মোট ৩৫ হাজার ৩৮৬ জন প্রবাসী বাংলাদেশি পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন ৫২৪ জন। যারা এখনো ব্যালট পাননি, তারা অনলাইনে ‘পোস্টাল ট্র্যাকিং’ সেবার মাধ্যমে ব্যালট কোন পোস্ট অফিসে রয়েছে তা নিশ্চিত হয়ে দ্রুত সংগ্রহ করতে পারবেন।
সংগৃহীত ব্যালট পেপার ‘পোস্টাল ভোট অ্যাপ’-এর নির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী পূরণ করে হলুদ খামে ভরে আগামী ২২ থেকে ২৫ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট পোস্ট অফিসে জমা দিতে হবে বলে জানিয়েছে দূতাবাস।
এ সময় রাষ্ট্রদূত সতর্ক করে বলেন, পোস্টাল ব্যালটে ভোট প্রদানের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা দণ্ডনীয় ও শাস্তিযোগ্য অপরাধ। পোস্টাল ভোটের গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষায় কুয়েতে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশিকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।