
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার মিত্র ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড দখলে শক্তি প্রয়োগের হুমকি থেকে সরে এসে একটি অস্পষ্ট ‘ফ্রেমওয়ার্ক’ চুক্তি ঘোষণা করেছেন। তার ভাষ্য অনুযায়ী, চুক্তিটির লক্ষ্য হলো আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা।
ডেনমার্ককে নিয়ে দেওয়া হুমকির বিরোধিতা করা ইউরোপীয় দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণাও তিনি প্রত্যাহার করেছেন। ট্রাম্প এটিকে বিজয় হিসেবে তুলে ধরে বলেন, এই চুক্তিতে ওয়াশিংটন যা যা চেয়েছে সবই পেয়েছে।
ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে সাংবাদিকদের তিনি জানান, ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে আলোচনা করেই এ সমঝোতা হয়েছে এবং এটি ‘চিরস্থায়ী’ হবে।
ট্রাম্প বলেন, ‘নিরাপত্তা, খনিজসহ সবকিছু বিবেচনায় এটি সবাইকে খুব ভালো অবস্থানে রাখে।’ গ্রিনল্যান্ড দখলে শক্তি প্রয়োগের হুমকি প্রত্যাহারের ইঙ্গিত দেওয়ার কয়েক ঘণ্টা পরই তিনি এ মন্তব্য করেন।
তবে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার বিষয়ে ট্রাম্প তাঁর আগের প্রতিশ্রুতি বাস্তবায়নে সফল হয়েছেন—এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ বজায় রাখবে কি না- এ প্রশ্নে রুটে বলেন, ট্রাম্পের সঙ্গে আলোচনায় গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বের বিষয়টি ‘আলোচনাতেই আসেনি’।
ফক্স নিউজের ‘স্পেশাল রিপোর্ট উইথ ব্রেট বেয়ার’ অনুষ্ঠানে রুটে নতুন ব্যবস্থায় গ্রিনল্যান্ডের অবস্থান সম্পর্কে খুব বেশি বিস্তারিত দেননি। তিনি শুধু বলেন, রাশিয়া বা চীনের মতো প্রতিপক্ষের হাত থেকে আর্কটিক অঞ্চল সুরক্ষায় ন্যাটো কাজ চালিয়ে যাবে।