
নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ফ্যামিলি কার্ড ও বস্তিবাসীদের ফ্ল্যাট দেওয়ার প্রস্তাবের কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, মানুষ ফ্যামিলি কার্ড বা ফ্ল্যাট চায় না, মানুষ চায় নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১৫ আসনের উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, বিএনপি যে ২ থেকে ৩ হাজার টাকার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছে, সেগুলো আসলে কারা পাবে—সেটাই বড় প্রশ্ন। যাদের সত্যিই প্রয়োজন, তারা কি সেই কার্ড পাবে? নাকি ২ হাজার টাকার কার্ড পেতে আবার এক হাজার টাকা ঘুষ দিতে হবে? এ ধরনের প্রতিশ্রুতি বাস্তবে সাধারণ মানুষের কোনো উপকারে আসবে না।
তিনি আরও বলেন, একদিকে কার্ড দেওয়ার আশ্বাস, অন্যদিকে ঋণখেলাপিদের মনোনয়ন দেওয়া হচ্ছে। যারা মনোনয়ন পাচ্ছেন, তারা ক্ষমতায় গেলে আবার লুটপাটে জড়াবে। জনগণের টাকা আত্মসাৎ করবে—এমন লোকদেরই দলটি প্রার্থী করেছে।
তারেক রহমানের বস্তিবাসীদের ফ্ল্যাট দেওয়ার ঘোষণাকে বস্তিবাসী উচ্ছেদের ইঙ্গিত বলে মন্তব্য করে এনসিপির আহ্বায়ক বলেন, বস্তিবাসীরা ফ্ল্যাট চায় না, তারা নিরাপদ জীবন চায়। বস্তিতে থেকেও নিরাপদ জীবন নিশ্চিত করা সম্ভব। অতীতে যারা ফ্ল্যাট দেওয়ার কথা বলেছে, নির্বাচনের পর তারাই বস্তিবাসীদের উচ্ছেদ করেছে। এখন বস্তিবাসীরা এসব মিথ্যা আশ্বাস বুঝতে শিখেছে। তারা ফ্ল্যাটের লোভে নয়, দেশের স্বার্থে ন্যায়ের পক্ষে ভোট দেবে।
নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, নির্বাচন অবশ্যই সুষ্ঠু হতে হবে। কোনো কৌশল বা প্ল্যান দিয়ে নির্বাচন প্রভাবিত করা যাবে না। নির্বাচন কমিশনকে স্বচ্ছ থাকতে হবে এবং কোনো দলকে বিশেষ সুবিধা দেওয়া চলবে না। তিনি বলেন, আমরা মাঠে আছি—কোনো অন্যায় সহ্য করা হবে না।
ইনসাফের পক্ষে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়ে তিনি বলেন, এবারের নির্বাচন শুধু প্রতিদ্বন্দ্বিতার নয়, এটি একটি গণভোটও। বৈষম্য, চাঁদাবাজি, অন্যায়, জুলুম ও আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণ গণভোটে ‘হ্যাঁ’ বলবে। এই গণভোটের মাধ্যমে ফ্যাসিবাদ ও চাঁদাবাজির বিরুদ্ধে চলমান আন্দোলনকে বিজয়ের উল্লাসে রূপ দেওয়ার আহ্বান জানান তিনি।