
বলিউডের ব্যবসাসফল ছবি ‘ধুরন্ধর’-এ রণবীর সিংয়ের বিপরীতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী সারা অর্জুন। তবে সিনেমা মুক্তির আগে দুজনের প্রায় ২০ বছরের বয়সের ব্যবধান নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় বিতর্ক। এবার সেই বিতর্কে নিজের অবস্থান স্পষ্ট করেছেন সারা।
এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গল্পের প্রেক্ষাপট অনুযায়ী এই বয়সের ব্যবধান পুরোপুরি যৌক্তিক। সামাজিক মাধ্যমে খুব একটা সক্রিয় না থাকায় এসব আলোচনা তাকে তেমন প্রভাবিত করেনি বলেও জানান তিনি। সারা বলেন, ‘আমি “লাইভ অ্যান্ড লেট লিভ”-এ বিশ্বাস করি। মানুষ যেকোনো বিষয় নিয়ে আলোচনা বা বিতর্ক করতেই পারে।’
সহ-অভিনেতা রণবীর সিংয়ের প্রশংসা করে সারা জানান, তিনি অত্যন্ত বন্ধুসুলভ, উৎসাহদাতা ও পরিশ্রমী অভিনেতা। রণবীর পুরো সিনেমাকে দলগত কাজ হিসেবে দেখেন- এটাই তাকে আলাদা করে তোলে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, ২০০৫ সালে জন্ম নেওয়া সারা অর্জুন ছোট বয়স থেকেই অভিনয়ে যুক্ত। শিশুশিল্পী হিসেবে খ্যাতি অর্জনের পর তামিল, তেলেগু ও হিন্দি সিনেমায় কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।