
থ্যালাসেমিয়া বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল করতে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি এবং মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন হাউস কুল এক্সপোজারের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত রেইনি রুফ রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি সম্পন্ন হয়। সমঝোতা স্মারকে কুল এক্সপোজারের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা এরশাদুল হক টিংকু এবং বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির পক্ষে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার এম এ মতিন।
এই চুক্তির আওতায় বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির জন্য সমন্বিত জনসংযোগ কার্যক্রম, ব্র্যান্ডিং ও রিব্র্যান্ডিং উদ্যোগ বাস্তবায়নের দায়িত্ব পাবে কুল এক্সপোজার। এর মাধ্যমে সংগঠনটির ব্র্যান্ড ইমেজ শক্তিশালী করা এবং গণমাধ্যমে নিয়মিত ও কার্যকর উপস্থিতি নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির পক্ষ থেকে কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুর রহমান, প্রচার সম্পাদক আব্দুর রহিম এবং মার্কেটিং ম্যানেজার শুভ কুমার মাহান্ত উপস্থিত ছিলেন। কুল এক্সপোজারের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিকেশন হেড অর্ণব চৌধুরী ও হেড অব ইভেন্টস ইফতিখার লেনিন।