
পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলমের হাতে শাপলা কলি তুলে দেন জামায়াত আমির
১০ দলীয় জোটকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, ১০ দলীয় জোটকে সংসদে পাঠালে তারা সরকার গঠন করতে পারবে এবং মানুষের জীবনে পরিবর্তন আসবে। তিনি বলেন, নদী ও মানুষের জীবন—দুটোতেই প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিচ্ছি, ইনশাল্লাহ।
শুক্রবার দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। দেশের চারটি প্রধান নদী ধ্বংসের অভিযোগ তুলে ড. শফিকুর রহমান বলেন, নির্বাচনের সময় ছাড়া অনেক রাজনীতিককে আর খুঁজে পাওয়া যায় না। কেউ কেউ আবার বসন্তের কোকিলের মতো বসন্তকালে আইসা কুহু কুহু ডাক শুরু করে। নদীগুলোর বর্তমান অবস্থার জন্য তিনি দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনাকে দায়ী করেন।
তিনি বলেন, উত্তরবঙ্গের উন্নয়নে পাঁচ বছরই যথেষ্ট। এই অঞ্চলের মাটি উর্বর, পিছিয়ে থাকার কোনো কারণ নেই; পরিকল্পিতভাবে এটিকে পিছিয়ে রাখা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ড. শফিকুর রহমান আরও প্রতিশ্রুতি দেন, শুধু পঞ্চগড় নয়, দেশের ৬৪ জেলায় মেডিকেল কলেজ স্থাপন করা হবে। একই সঙ্গে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি।
জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হুসাইনের সভাপতিত্বে জনসভায় জামায়াত ও ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। জনসভা শেষে পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলমের হাতে শাপলা কলি এবং পঞ্চগড়-২ আসনের প্রার্থী সফিউল আলমের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন জামায়াত আমির।