
সংগৃহীত ছবি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হাসিনা আপা ভারতে গিয়ে নিজের দলীয় নেতা-কর্মীদের বিপদে ফেলে রেখে গেছেন। তবে বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। তিনি স্পষ্ট করে জানান, যারা বড় কোনো অন্যায় করেনি, তাদের ভয় পাওয়ার কিছু নেই। বিএনপি সেই সাধারণ কর্মী-সমর্থকদের পাশে থাকবে। তবে যারা প্রকৃত অপরাধী, আইন অনুযায়ী তাদের বিচার হবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের দেবীপুর খুররমখাঁ আদর্শকলোনি এলাকায় এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। তিনি বলেন, একটি পক্ষ দেশে হিন্দু ও মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে। কিন্তু বিএনপি সব ধর্মের মানুষের সমান নিরাপত্তা নিশ্চিত করতে চায়। সবাই মিলেমিশে একটি সুন্দর ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই বিএনপির মূল লক্ষ্য।
পথসভায় লিফলেট বিতরণকালে মির্জা ফখরুল বলেন, ধানের শীষ হচ্ছে উন্নয়নের প্রতীক। বিএনপি একটি পরীক্ষিত রাজনৈতিক দল যারা অতীতে ক্ষমতায় থাকাকালীন দেশের মানুষের জন্য কাজ করেছে। তাই দেশের উন্নয়ন এবং জনগণের অধিকার আদায়ের জন্য তিনি আবারো ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।
বক্তব্যে তিনি সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন। তিনি বলেন, কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে এবং শ্রমিকদের পাওনা বুঝিয়ে দিতে হবে। যারা মোনাফেক এবং মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায়, তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শক্তি নিয়ে দাঁড়ানোর ডাক দেন তিনি।
বর্তমান নির্বাচনকে নিজের জীবনের শেষ নির্বাচন হিসেবে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এলাকাবাসীর কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, দেশের মানুষকে বাঁচাতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই নির্বাচনে ধানের শীষের জয় অত্যন্ত জরুরি।